ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪৫ অপরাহ্ন

লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট: Thursday, March 12, 2026 - 2:22 pm

লামা (বান্দরবান)।।

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ও ২৬ মার্চ ‘স্বাধীনতা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, এসআই নাসির উদ্দিন, বিএনপি নেতা মোঃ আমির হোসেন, বিএনপি নেতা মোঃ আব্দুর রব, জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী ইব্রাহীম এবং লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন। দিবস দুটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন আয়োজন। সভায় এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় গুরুত্বপূর্ণ দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সামাজিক সংগঠনসহ সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।