লামায় ১১ দলীয় জোটের প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীকের সমাবেশ ও গণমিছিল
মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান)।
বান্দরবান ৩০০ নং আসনের ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা কলি প্রতীকের সমর্থনে লামা উপজেলায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে লামা পৌর শহরে আয়োজিত সমাবেশে যোগ দেন। সমাবেশের পূর্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এসে শেষ হয়।
গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে লামা উপজেলায় নির্বাচনী আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে।
সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের ১১ দলীয় প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজা উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের সভাপতি কাজী মো. ইব্রাহীম, বান্দরবান রাজপরিবারের সদস্য মংসানু অং চৌধুরী, লামা উপজেলা এনসিপি নেতা নাজমুল হাসান ও জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যারা বক্তব্য দেন।
সমাবেশ থেকে বক্তব্যে ৩০০ নং আসনের প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, ‘আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রব্যবস্থার সংস্কারে গণভোটে অবশ্যই “হ্যাঁ”-এর পক্ষে অবস্থান নিতে হবে।’ তিনি ভোটারদের উদ্দেশে ১১ দল সমর্থিত শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘মা-বোনেরা কোনো ভয়ভীতি বা গুজবে কান দেবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন এবং চাঁদাবাজদের রুখে দিন।’ যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে।











