ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১০ অপরাহ্ন

শিরোনাম

লামায় প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 1:46 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলায় প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের কাজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট মেসেজ হচ্ছে— পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। এখানে বিভেদের স্থান নেই। পাহাড়ি-বাঙালি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসাথে থেকে বৈষম্যহীন ও সমৃদ্ধির সমাজ গড়ে তোলাই আমাদের সরকারের মূল লক্ষ্য।”

বান্দরবান জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, “পার্বত্য চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আস্থাভাজনদের যোগ্য উত্তরাধিকাররাই তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে স্থান পেয়েছেন।”

তিনি পার্বত্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বান্দরবানের মাটিতে আনারস চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

লামা উপজেলায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের আওতায় প্রথম ধাপে ১ হাজার ৯৭টি পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। “ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি— স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি”, “ফ্যামিলি কার্ড— স্বপ্ন নয়, বাস্তবতা” এবং “পরিবারের সুরক্ষা ও আত্মমর্যাদা— ফ্যামিলি কার্ডেই মূল ভরসা” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান, জেলা সমাজসেবা উপ-পরিচালক মিলটন মুহুরী এবং লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন লামা জেলা সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন লামা উপজেলায় শিশুপার্ক, কেয়ার মাঠ, সরকারি কর্মচারীদের জন্য ডরমেটরি এবং পর্যটন খাতের উন্নয়নে সড়ক যোগাযোগসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বরাদ্দ ও বাস্তবায়নের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান ফাঁসিয়াখালী ইয়াংছাস্থ জীনামেজু অনাথ আশ্রম ও টেকনিক্যাল ইনস্টিটিউট উদ্বোধন করেন। পরে বেলা পৌনে ১২টায় লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকার সকল জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ শুরু করেছে। সম্প্রীতির বন্ধন যত অটুট থাকবে, ততই উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিবেশ রক্ষা করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় এই অঞ্চলের সর্বক্ষেত্রে উন্নয়ন বেগবান করবে।”