লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি)।
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলার আয়োজন করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এ সময় লংগদু থানা পুলিশ, আনসারসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় বাঘাছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাছান, থানার ওসি মো. জাকারিয়াসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে এদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার অস্থায়ী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।











