ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ৩:৪১ অপরাহ্ন

শিরোনাম

রাস্তার পাশ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার, মোটরসাইকেল উধাও

  • আপডেট: Sunday, February 1, 2026 - 2:14 pm

চট্টগ্রাম থেকে নির্জর।। ফটিকছড়ির রক্তছড়ি চা বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার পাশে মুজিবুর রহমান (২৮) নামের ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত মুজিবুর রহমান কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে।

সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে কোথাও যাওয়ার পথে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্য মারধর করে ফেলে রাখা হয়। গত রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

মোটরসাইকেল চালক পিয়ারু জানান, মুজিব খুব ভালো ও শান্ত প্রকৃতির ছেলে ছিল।

তার সঙ্গে কারও বিরোধ বা ঝগড়া ছিল না। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুজিব তেমুহনি বাজার এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে তার অনটেস্ট মোটরসাইকেলটি মেরামত করে নিয়ে যায়।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, একজন মোটরসাইকেল চালকের লাশ পাওয়া গেছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।