রাজস্থলী বাঙ্গালহালিয়াতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা
মোঃ সুমন খান, রাজস্থলী:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় এক মতবিনিময় সভা বুধবার (১১ মার্চ) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা।
এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং-এর সভাপতিত্বে এবং চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যসুইথুই মারমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করা জরুরি। নারী ও কন্যার প্রতি নির্যাতন কেবল নারী কেন্দ্রিক ইস্যু নয়, এটি একটি সামাজিক ইস্যু। পুরো সমাজব্যবস্থা নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের কারণে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়। তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে তরুণ সমাজকে এই ধরনের সহিংসতা বন্ধে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার গণমাধ্যমকর্মী, সমাজসেবক, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











