রাজধানীর তিন হাসপাতাল থেকে ২০ দালাল আটক
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং হৃদরোগ ইন্সটিটিউটে অভিযান চালিয়ে ২০ জন দালালকে গ্রেফতার করেছেন র্যাব-২ এর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
রোগীদের হয়রানি এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে আজ রোববার (৮ মার্চ) সকাল থেকে অভিযান চালায় র্যাব-২।
র্যাব জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালালবিরোধী সাত দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার দালালরা দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতালের বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল।
এদিকে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের সেবার মান বাড়াতে হাসপাতালের ভেতরে হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করা এবং সব স্টাফকে নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











