ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গুনিয়ায় প্রবাসী পরিবারের উপর হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

  • আপডেট: Monday, March 9, 2026 - 2:53 pm

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি প্রবাসী পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের পরিবার মামলা দায়ের করার পরও অভিযুক্তদের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নগর এলাকার বাসিন্দা ছবুরা খাতুন (৭০) বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। এরই জেরে গত ৬ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত মহিউদ্দিন, ছাবের আহাম্মদ, নাঈম উদ্দিন, আব্দুস সালাম, রৌশন আরা বেগম, আলেয়া বেগম ও বিলকিছ আক্তারসহ অজ্ঞাত আরও ২/৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাদীর বসতবাড়ির উঠানে প্রবেশ করে গালিগালাজ শুরু করে।

পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে বাদীর মেয়ে রেনু আক্তার বৃষ্টি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে ছেলে শাহজাহানসহ আরও কয়েকজনকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এতে একাধিক ব্যক্তি রক্তাক্ত জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারটি প্রবাসী হওয়ায় ঘটনার পর থেকে তারা আরও আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, মামলা করার কারণে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এদিকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।