ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটি বধির বিদ্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: Friday, March 13, 2026 - 7:06 pm

রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটিতে বধির (বাক্-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় অবস্থিত রাঙামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক-এর সভাপতিত্বে এবং রাঙামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি ও চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম (মাস্টার), বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি। সাংকেতিক ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম। রাঙামাটি বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ সাগর আলী (বধির), সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির) সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “বধির শিশুদের জন্য শিক্ষা ও সামাজিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সবাই এগিয়ে এলে তাদের জীবন আরও সুন্দর ও সম্ভাবনাময় হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে বধির (বাক্-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও লন্ডন প্রবাসী দাতা ও সমাজসেবক মোঃ সেলিম হায়দার রাঙামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী ক্রয় করার জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সকল বধির প্রতিবন্ধীদের পক্ষ থেকে এই অনুদানের জন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।