ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

  • আপডেট: Sunday, February 22, 2026 - 10:46 pm

ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার অভিযাত্রা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত স্বামী অদ্বৈতানন্দ মিশন ও Spirituality & Cultural Center-এর প্রতিষ্ঠাতা বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী মহারাজ এর উদ্যোগে। এই অভিযাত্রার মাধ্যমে ধর্মীয় ঐক্য এবং মানবকল্যাণের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালি কালিপুর ইউনিয়নের জঙ্গল কোকদন্ডীতে অবস্থিত ঋষিধাম এর “ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা” আন্তর্জাতিক পরিসরে প্রসারিত করার উদ্দেশ্যে এই ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার অভিযান শুরু করেন।

স্বামী শুভানন্দ পুরী মহারাজ, যিনি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের সন্ন্যাসী অভিষেকপ্রাপ্ত আদরের সন্তান ও মানসপুত্র, চলতি বছরের ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরের চার্চ অব সায়েন্টোলজি চ্যাপলে এই অভিযাত্রার সূচনা করেন। পরবর্তীতে ১৭ জানুয়ারি নিউইয়র্ক হিন্দু মন্দিরে, ১৯ জানুয়ারি কানাডার টরন্টো শহরের পার্টি হলে, ২১ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে এবং ২৩ জানুয়ারি সুইডেনের স্টকহোমে ধর্মীয় আলোচনা ও প্রচার সভা অনুষ্ঠিত হয়।

এই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি দুবাইয়ের আল আইন শহরে স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর সহযোগিতায় শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞ, কুম্ভ তত্ত্ব আলোচনা ও মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি ওমানের সোহার শহরে প্রবাসী ভক্তরা সারারাতব্যাপী ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়াও, ২–৫ জানুয়ারি দুবাই, আবুধাবী ও মোসাফ্ফাহ মরুতীর্থে মানবকল্যাণমূলক মহানাম সংকীর্তন ও ধর্মীয় তত্ত্ব আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শ্রী গুরু সংঘ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ, স্বামী অদ্বৈতানন্দ মিশন এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক Spirituality & Cultural Center-এর সম্মিলিত প্রচেষ্টায় ঋষি কুম্ভের মাহাত্ম্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঋষিধাম আশ্রমের মোহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ কুম্ভ সম্পর্কিত আয়োজনগুলিতে পৌরোহিত্য করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে লস এঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, স্টকহোম, দুবাই, ওমান এবং সিঙ্গাপুরে আয়োজনগুলোতে পৌরোহিত্য করেছেন বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী মহারাজ। এছাড়াও, স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ রচিত গ্রন্থাবলীর প্রচার, প্রসার ও গবেষণায় এই মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সবশেষে, ৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত “Summit of Devotees” শীর্ষক ভক্ত সম্মিলনীর মাধ্যমে আন্তর্জাতিক ভক্তবৃন্দের সঙ্গে যোগদান শেষে ৫ ফেব্রুয়ারি স্বামী শুভানন্দ পুরী মহারাজ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রত্যাবর্তন করেন এবং বিশ্ববাসীর সুস্থতা ও কল্যাণ কামনা করেন।