ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

মোংলায় রমজান উপলক্ষে এক হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ 

  • আপডেট: Tuesday, February 24, 2026 - 11:18 pm

মোংলা, বাগেরহাট প্রতিনিধি।। মোংলা পৌর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরিব ও দুস্থ ১ হাজার পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।

প্রতি বছরের ন্যায় এবারও (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার তার ব্যক্তিগত তহবিল থেকে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবন, আলু, সেমাই এবং চিড়া ইফতারের জন্য প্রয়োজনীয় নিত্যপণ্যের প্যাকেট। এই উদ্যোগের মাধ্যমে ১ হাজার অসহায় পৌরবাসী রমজান মাসে স্বস্তির সঙ্গে রোজা পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমাজসেবী ও এলাকাবাসী। বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী দুস্থরা সাবেক মেয়র জুলফিকার আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন মানবিক উদ্যোগ তাদের রমজানকে আরও সহজ ও আনন্দময় করে তুলেছে।

আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, “রমজান মাস হলো সহমর্মিতা, দানশীলতা ও মানবতার মাস। সমাজের অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি বছরের মতো এবারও আমার সাধ্যমতো ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন সকলকে রমজানের বরকত ও ফজিলত দান করেন।”

স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করে জানান, জুলফিকার আলী সবসময়ই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তার এমন সমাজসেবামূলক কাজ অন্যদের জন্যও উদাহরণ সৃষ্টি করছে।

এই বিতরণ অনুষ্ঠান মোংলা পৌর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং রমজানের পবিত্রতা ও সমাজের ঐক্যকে আরও মজবুত করেছে।