ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ৯:২৩ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: যুবক গ্রেপ্তার

  • আপডেট: Saturday, April 11, 2026 - 7:11 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছর বয়সী এক শিশু কন্যাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার গুচ্ছগ্রাম (জিয়নগর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে জিয়নগর এলাকায় তিন বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জিয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।