ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ৩:৫০ অপরাহ্ন

শিরোনাম

মানবিক চিকিৎসক কামরুল ইসলামের হসপিটালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজন গ্রেপ্তার

  • আপডেট: Monday, April 13, 2026 - 11:42 am

নিজস্ব প্রতিবেদক।। চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া মঈনের ৬ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মঈন ছাড়া গ্রেফতার বাকি আসামিরা হলেন: সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।

রোববার সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার সকাল ৯টার দিকে ডা. কামরুল ইলসামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে।

জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই কথিত নেতা। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এতেই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী।

পরে রাতেই চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ সময় তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।