ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমাবেশ ও গণমিছিল

  • আপডেট: Saturday, February 7, 2026 - 7:31 pm

মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ১১–দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মহালছড়ি উপজেলা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা–কর্মীরা মিছিল নিয়ে মহালছড়ি বাজারে আয়োজিত সমাবেশে যোগ দেন। সমাবেশের পূর্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতের কার্যালয়ে এসে শেষ হয়।
গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে মহালছড়িতে নির্বাচনী আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে।
সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী। মহালছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মোঃ আবু আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা এনসিপির যুগ্ম সম্পাদক ছাতই মারমা, মহালছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ স্বপ্ন চক্রবর্তী, খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান, মহালছড়ি উপজেলা জামায়াত নেতা মোঃ জামাল উদ্দিন সওদাগর, মোঃ ফরিদুল ইসলাম এবং মহালছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাহবুবুর আলম মামুনসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তব্যে খাগড়াছড়ি ২৯৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন, ‘আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রব্যবস্থার সংস্কারে গণভোটে অবশ্যই “হ্যাঁ”-এর পক্ষে অবস্থান নিতে হবে।’ তিনি ভোটারদের উদ্দেশে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘মা–বোনেরা কোনো ভয়ভীতি বা গুজবে কান দেবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন এবং চাঁদাবাজদের রুখে দিন।’ যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে।