মহালছড়িতে ওয়াদুদ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
মহালছড়ি প্রতিনিধি।
“স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহালছড়ি উপজেলার ৪ নং মাইসছড়ি ইউনিয়নে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ক্যাম্পে ৫ জন অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকের মাধ্যমে ৫ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং খাগড়াছড়ি-২৯৮ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ওয়াদুদ ভূইয়া বলেন, “দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা ও শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই পাহাড়ের মানুষ সুস্থ ও সুন্দর জীবনযাপন করুক। ওয়াদুদ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সেবাগ্রহণকারীরা জানান, আর্থিক সংকটের কারণে তারা অনেক সময় ভালো চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারেন না। ওয়াদুদ ফাউন্ডেশনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।
উল্লেখ্য যে, সার্বিক সহযোগিতায় ছিলেন মো. জসিম উদ্দিন, সভাপতি, কাঠ ব্যবসায়ী সমিতি, খাগড়াছড়ি।











