মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মহালছড়ি উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উপজেলার মোট ১৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহালছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার এবং মহিলা ভোটার ১৮ হাজার ৮৮৭ জন।
এ আসনটি খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন।
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটাররা জানান, উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, দিনশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ সম্পন্ন হবে।











