মহালছড়িতে অসুস্থদেরও দেখা গেছে ভোটকেন্দ্রে
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
অসংখ্য অসুস্থ মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রার্থীর সমর্থকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে। মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা যায়।
এদিকে সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রসহ ওই এলাকায়ও ভোটারদের সারি চোখে পড়ে। এ সময় কেন্দ্রে অনেক অসুস্থ ভোটারকেও দেখা যায়, যাদের ভোট দিতে সাহায্য করেন এই কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যরা।
একই অবস্থা দেখা গেছে মহালছড়ি উপজেলার বহু কেন্দ্রে।
এদিকে, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং নির্বাচন পর্যবেক্ষক মোঃ ছানোয়ার হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি সন্তোষজনক। ভোটার উপস্থিতি কিছুটা কম, তবে সময়ের সঙ্গে সঙ্গে ভোটার বাড়ার প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, মহালছড়ি উপজেলার সব কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালোই আছে। তবে সার্বিকভাবে নির্বাচন নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি জানান।











