ভূজপুরে আপত্তিকর ভিডিও দেখিয়ে চাঁদাবাজি: আটক ৬
ফটিকছড়ি প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে এক নারীকে আপত্তিকর ভিডিও দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভুক্তভোগী নারী (ছদ্মনাম পূর্ণিমা) বাদী হয়ে ভূজপুর থানায় মামলাটি করেন। মামলার পরপরই পুলিশ ভূজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের মধ্যে দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে আটক করে।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে তার এক প্রেমিকের ব্যক্তিগত সম্পর্কের সময় গোপনে একটি ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিওটি কোনোভাবে অভিযুক্তদের হাতে পৌঁছে যায়। এরপর তারা ভিডিওটি প্রকাশ করার ভয় দেখিয়ে ওই নারীকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকে।
সমাজে মানসম্মান রক্ষার জন্য প্রথমে ভুক্তভোগী নারী অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন। কিন্তু তাতেও তারা থেমে না থেকে আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি বাধ্য হয়ে ভূজপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।









