ভারতে কারাভোগের পর দেশে ফিরল নারী-শিশুসহ ৩৩ বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট।। ভারতে তিন বছর কারাভোগের পর ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ রোববার (২২ মার্চ) সন্ধ্যায় এসব নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধবিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে তারা কলকাতা পুলিশের হাতে আটক হয়। এরপর আদালত তাদের তিন বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে বিভিন্ন এনজিওর সেফ হোমের হেফাজতে ছিল তারা। পরে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা বলেন, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের একটি প্রতিনিধিদল বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এসব বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করা হয়। এ ছাড়া এদের প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শক সৈয়দ মোর্তজা আরও জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি এসব নারী-পুরুষ ও শিশুকে আইনি কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদেরকে থানা থেকে গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছাবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম বলেন, দালালের মাধ্যমে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ভারত বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এরপর তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমরা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেব।











