ব্রাজিলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৪
আন্তর্জাতিক ডেস্ক।। ব্রাজিলের মিনাস গেরাইসে ভূমিধস ও বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়াবহ ঝড়-বৃষ্টিতে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে দীর্ঘস্থায়ী ভারি বন্যায় নিহতের সংখ্যা বেড়েছে। বন্যায় রাজ্যের জুইজ ডি ফোরো ও উবা শহর দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের দমকল বাহিনী জানিয়েছেন, এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। খবর আল জাজিরার।
এদিকে, ব্রাজিলের আবহাওয়া সংস্থা (ইনমেট) মিনাস গেরাইসসহ রিও ও সাও পাওলোর উপকূলীয় অঞ্চলে ‘চরম বিপদ’ সংকেত জারি করেছে। সংস্থাটি আরও ভয়াবহ বন্যা, নদীর পানি বৃদ্ধি এবং নতুন করে ভূমিধসের প্রবল ঝুঁকির সতর্কতা দিয়েছে।
প্রেসিডেন্ট প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিনাস গেরাইস সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সফরকালে তিনি জুইজ ডি ফোরো, উবা ও মাতিয়াস বারবোসার মেয়রদের সঙ্গে বৈঠক করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আকাশপথে পরিদর্শন করবেন তিনি।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার দুর্যোগ পরবর্তী পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য ইতোমধ্যে প্রায় ৩ দশমিক ৪ মিলিয়ন রিয়াল (প্রায় ১১ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা) বরাদ্দ দিয়েছে। জুইজ ডি ফোরো সিটি হলে মেয়রদের সঙ্গে প্রেসিডেন্টের এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- উল্লেখ্য, সরকারি সংস্থা ‘সেমাডেনের’ ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, এই শহরের প্রায় এক-চতুর্থাংশ মানুষ (প্রায় ৫ লাখ ৪০ হাজার) দুর্যোগের চরম ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন।











