ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪৪ অপরাহ্ন

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন

  • আপডেট: Thursday, March 12, 2026 - 2:24 pm

অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি জেলার দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নিয়মিত অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম বরকলক পাংখুয়া পাড়া এলাকাবাসীর বিশুদ্ধ পানির তীব্র সংকট সম্পর্কে অবহিত হন। দুর্গম এই পাহাড়ি পাড়াতে স্থানীয় জনগণ আনুমানিক ৩০০ থেকে ৫০০ ফুট নিচে ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে, যা অত্যন্ত কষ্টসাধ্য। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিকভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনীর টহলদল উদ্যোগ গ্রহণ করে।

রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় গত ১১ মার্চ ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলার দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় একটি পানির পয়েন্ট স্থাপনের লক্ষ্যে টিউবওয়েল এবং টিউবওয়েল স্থাপনের সকল সরঞ্জামাদি প্রদান করা হয়। এর ফলে বরকলক পাংখুয়া পাড়ায় প্রায় ৫৪ জন (১২টি পরিবার) নিজ নিজ বসতবাড়ির নিকটেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান এবং একই সঙ্গে প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।