ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৬ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

বিএনপির সঙ্গে দোজখে যেতে চাই না বলেই জামায়াতের সঙ্গে এসেছি – অলি আহমদ

  • আপডেট: Monday, February 2, 2026 - 7:09 pm

নিজস্ব প্রতিবেদক।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমি বিএনপির সঙ্গে দোজখে যেতে চাই না বলেই জামায়াতের সঙ্গে এসেছি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, বাংলাদেশ এখন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপি নেই। বর্তমান বিএনপি ভাড়াটিয়া ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। এ কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম। বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় আবার দলে যোগ দিয়েছিলাম। কিন্তু চাঁদাবাজির সংস্কৃতির কারণে পুনরায় ত্যাগ করি। তাদের সঙ্গে থেকে আমি দোজখে যেতে চাই না।

তিনি আরও বলেন, আমি বিএনপিতে ছিলাম। দুইজন সংগঠকের মধ্যে একজন ছিলাম আমি এবং অন্যজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দুজনে একসঙ্গে কালুরঘাট বেতার কেন্দ্রে যাই, সেখান থেকেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন।

অলি আহমদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ যে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, তা যদি দেশে থাকত, বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম উন্নত দেশে পরিণত হতো। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি সেই কাজ করছে। তারা ভারতের কাছে দেশ বিক্রি করতে চায়।

তিনি বলেন, আমরা বেইমান ও দেশদ্রোহীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। দেশ স্বাধীন রাখতে হলে আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। একটি ভুল ভোটের কারণে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ হয়ে যেতে পারে। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটে কোনো ‘র’-এর দালাল নেই।