বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক।। এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় আছেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন।
কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুন সংসদ সদস্যদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্যে।
আগামী ১২ মার্চ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
এই অধিবেশনকে সামনে রেখে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে দলটি। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদের এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব এবং ভূমিকা কী হবে তা তুলে ধরবেন।
দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা; বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগ ও ফরিদপুর অঞ্চলের একাংশের সংসদ সদস্যরা অংশ নেবেন। পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে ১৪৬ জন প্রথম বারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, এই কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয়, সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দলের দিক নির্দেশনা দেওয়া হবে।











