ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ৯:২২ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

  • আপডেট: Thursday, April 2, 2026 - 7:35 pm

নিজস্ব প্রতিবেদক।।
বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন তিনি নিজেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান। এতে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আকবর, গীতা পাঠ করেন দোদুল চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন সত্যজিৎ তঞ্চঙ্গ্যা।
স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া। এছাড়া বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী এস. এম. নাজিম উদ্দিন, আবু বক্কর, সুমন এবং কনজারভেন্সি ইন্সপেক্টর দিদারুল হক চৌধুরী।
সংবর্ধিত অতিথি ফয়জুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “বান্দরবান পৌরসভায় দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের কাছ থেকে যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি, তা আমি আজীবন মনে রাখবো। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় পৌরসভার উন্নয়নে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে বিশ্বাস করি। ভবিষ্যতেও যেখানে দায়িত্ব পালন করবো, সেখানেও আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সভাপতির বক্তব্যে নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, “ফয়জুর রহমান স্যার একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পৌরসভায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তিনি সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যতেও আমাদের অনুপ্রাণিত করবে। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর নির্ধারক লিটন কান্তি সরকার। শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।