বান্দরবানে বাজারফান্ডে ঋণ সুবিধা চালুর দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলায় বাজারফান্ডের আওতাধীন প্লট বা জমির বিপরীতে গৃহ নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণে তফসিলি ব্যাংকগুলোর ঋণ সুবিধা পুনরায় চালুর দাবিতে আজ বেলা ১০ টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখা।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাজারফান্ড সংস্থার জমির বিপরীতে দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ গ্রহণের প্রচলন থাকলেও ২০১৯ সালের ডিসেম্বর থেকে অজ্ঞাত কারণে এ সুবিধা বন্ধ রয়েছে। ফলে সোনালী, অগ্রণী, রূপালী, ইসলামী ও পূবালীসহ প্রায় ১৭টি তফসিলি ব্যাংকের ঋণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নতুন ঋণ তো পাচ্ছেনই না, বরং চলমান ঋণের নবায়ন না হওয়ায় অনেকেই খেলাপির ঝুঁকিতে পড়ছেন।
সংগঠনটির অভিযোগ, জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয়হীনতা এবং আইনের ভিন্ন ব্যাখ্যার কারণে বাজারফান্ড কার্যক্রম অকার্যকর হয়ে পড়েছে। এতে করে জেলার প্রায় ৮০ শতাংশ নিম্ন ও মধ্যবিত্ত বাসিন্দা, যারা বাজারফান্ডের জমির ওপর নির্ভরশীল, তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। ব্যবসা-বাণিজ্যের গতি কমে যাওয়ার পাশাপাশি বেকারত্বও বাড়ছে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ অনুযায়ী ভূমি বন্ধক রেখে ঋণ গ্রহণের বিধান দীর্ঘদিন ধরে চালু ছিল। এই সুবিধা বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, যা সরকারের উন্নয়ন লক্ষ্যের পরিপন্থী।
এ অবস্থায় দ্রুত বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ সুবিধা পুনরায় চালু, জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং এনওসি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্মারকলিপিটি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনের স্বাক্ষরে প্রদান করা হয়।











