ঢাকা | মার্চ ৭, ২০২৬ - ২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়ায় সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

  • আপডেট: Friday, March 6, 2026 - 7:10 pm

রাজস্থলী প্রতিনিধি:
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অবস্থিত শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সনাতন ব্রহ্ম গায়ত্রী মহাযজ্ঞ ও গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম দিন ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলময় সনাতন ধর্মদীপ প্রজ্জ্বলন, পরমব্রহ্ম অধিবাস কীর্তন ও চণ্ডীপাঠ অনুষ্ঠিত হয়। পরে রাতে সমবেত উপাসনার আয়োজন করা হয়।
দ্বিতীয় দিন ৬ মার্চ শুক্রবার সকালে সনাতন দীক্ষা প্রদান, ভজন সংগীত এবং বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী সনাতন ব্রহ্ম গায়ত্রী মহাযজ্ঞ ও শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।
সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের সভাপতিত্বে আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে বিশ্বশান্তি সনাতন ব্রহ্ম গায়ত্রী যজ্ঞ ও শ্রী শ্রী গীতা মহাযজ্ঞের পৌরোহিত্য করেন আনোয়ারা চাঁপাতলী সিদ্ধী আশ্রমের অধ্যক্ষ পরমযোগী শ্রীমৎ স্বামী রাসবিহারী ব্রহ্মচারী।
অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী পরিতোষ দেব নাথ, শ্রী সুজিত চৈতন্য, শ্রী বিধান চৈতন্য, শ্রী অনিল চৈতন্য ও শ্রী তাপসানন্দ ব্রহ্মচারী। যন্ত্রসঙ্গীত পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলার শিল্পী, গুরু টিভি ও বেতার শিল্পী ঝুলন দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিন্টু কান্তি নাথসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে রাজস্থলী, বাঙ্গালহালিয়া, রাঙ্গুনিয়া, চন্দ্রঘোনা, কাপ্তাই, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ভক্তের সমাগম ঘটে। পাশাপাশি বিভিন্ন মন্দিরের সাধু-সন্ন্যাসীরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সফল করতে দেশ-বিদেশের আশ্রমের ভক্তরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।