বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত
মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এর আগে দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাঘাইছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।











