বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে রবিবার (৮ মার্চ) সকালে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, উন্নয়নকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীরা আজ শিক্ষা, প্রশাসন ও ব্যবসায়িক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। তবে এখনো সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।











