বাগেরহাটে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১
বাগেরহাট প্রতিনিধি।। বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসমান সরদার নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদরের গোটাপাড়া ইউনিয়নের পার নোয়াপাড়া গ্রামে দুইগ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ওসমান সরদার পার নোয়াপাড়া গ্রামের শাহাজান সরদারের ছেলে। এ সময় সালাম সরদার ও ভাই গ্রুপের নয়জন আহত হয়।
স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানায়, যুবদলের কয়েকজন স্থানীয় নেতার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সালাম সর্দারের বাড়িতে গিয়ে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে সালাম সর্দারকে ঘুসি মারে। এরপর তার ভাতিজা ওসমান সরদার ঠেকাতে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়া হয়। একপর্যায়ে নারী-পুরুষ সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়। নেতাকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গুরুতর আহত ওসমান সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় ওসমান মারা যান। গুরুতর আহত অবস্থায় হাবিবুর কে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।











