ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ৩:০৭ অপরাহ্ন

বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক

  • আপডেট: Thursday, February 12, 2026 - 2:43 am

বরিশাল জেলা প্রতিনিধি।। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় ১ লাখ দুই হাজার টাকা ও নির্বাচনি ভোটার স্লিপসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল মাধবপাশা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১ লাখ ২ হাজার টাকা ও নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটক ব্যক্তিদের কাছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের একাধিক ভোটার স্লিপ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দেন। আটক হুমায়ুন গাজীকে ১০ হাজার টাকা এবং এনায়েত কাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।