বরকলে হাফেজ ও এতিমদের মাঝে ১২ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ
বরকল (রাঙামাটি) প্রতিনিধি।।
বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোন পবিত্র রমজানে এতিম ও কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি বুধবার ২০২৬ তারিখ ছোটহরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি বরকলের ভুষনছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুস সুন্নাহ হেফজখানা ও এতিমখানায় অসহায় ছাত্রদের মাঝে চাল ৫০ কেজি, তেল ২০ কেজি, খেজুর ১০ কেজি, চিনি ০৫ কেজি, ছোলা ০৫ কেজি, মুড়ি ০৫ কেজি, খাদ্যসামগ্রী ও ইফতার এবং ১৫,০০০ টাকা আর্থিক অনুদান বিতরণ করেন। মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ১২ বিজিবি জোন এসব ইফতার সামগ্রী প্রদান করেন।
বুধবার সকাল ৯.০০টায় আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুস সুন্নাহ হেফজখানা ও এতিমখানার মাঠে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন ও তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।











