বরকলে সেনাবাহিনীর অভিযানে ২৬ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ
রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটির বরকল উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাঙামাটি শহরে পাচারের সময় দুটি নৌকায় তল্লাশি চালায় শুভলং সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। এ সময় ORIS-এর ৬,৫০০ প্যাকেট, PATRON-এর ৪,০০০ প্যাকেট এবং ESSE-এর ২,৪৬০ প্যাকেটসহ মোট ১২,৯৬০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬২ হাজার টাকা।
এ বিষয়ে শুভলং সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রাহবার জানান, জব্দ করা সিগারেটগুলো পাচারের উদ্দেশ্যে রাঙামাটি শহরে নেওয়া হচ্ছিল।
পরে জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর করা হয়েছে। বরকল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত সিগারেট থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











