বরকলে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ
বরকল (রাঙামাটি) প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটির বরকল উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন, বরকল উপজেলা প্রেসক্লাব, উপজেলা পরিষদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বরকল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হানিফসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
তবে উপজেলা জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কাউকে দেখা যায়নি।
এদিকে দিবসের প্রথম প্রহরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরকল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।











