বরকলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বরকল প্রতিনিধি।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির বরকলে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘বরকল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরকলের সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথেই জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বরকল উপজেলা প্রেসক্লাব, বরকল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, পাহাড়ি ছাত্র পরিষদ, বরকল রাগীব রাবেয়া কলেজ, বরকল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ বেদি সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সকাল ৮টায় বরকল উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ, ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া এবং থানার ওসি মো. রফিকুল ইসলাম কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এ সময় ইউএনও তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।











