বরকলে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬৪ হাজার টাকা।
রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ১২ বিজিবি ছোট হরিনা জোনের একটি টহল দল অভিযান চালায়। অভিযানে উপজেলার আমতলা গ্রামের একটি মসজিদের পাশের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে রাঙামাটি শহরে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা সিগারেটের মধ্যে ORIS ব্র্যান্ডের ১,৩০০ প্যাকেট এবং PATRON ESSE Light ব্র্যান্ডের ৪৮০ প্যাকেটসহ মোট ১,৭৮০ প্যাকেট সিগারেট রয়েছে।
এ বিষয়ে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক সমাজের জন্য একটি অভিশাপ উল্লেখ করে তিনি এ ধরনের অপরাধ দমনে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও জানান, জব্দ করা সিগারেট বরকল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।











