ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম

বরকলে প্রেমিক যুগলের একসঙ্গে আত্মহত্যা

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 4:19 pm

বরকল প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলায় প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক পাহাড়ি প্রেমিক যুগল একসঙ্গে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (০৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর ভূষনছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগাছড়ি এলাকায়। নিহতরা হলেন—ইনা চাকমা (২৬) ও শুভকান্তি চাকমা (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি কোতোয়ালী থানার কেরেট কাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভকান্তি চাকমার সঙ্গে বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের উদ্দেশ্যে গত ০৫ এপ্রিল শুভকান্তি চাকমা মেয়ের বাড়িতে আসেন। সামাজিকভাবে তাদের বিয়ে হওয়ার কথাও ছিল।

তবে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা জানতে পারেন, শুভকান্তি চাকমার আগে আরেকটি বিয়ে রয়েছে। যদিও এ বিষয়ে তিনি দাবি করেন, তার প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। পরবর্তীতে উভয় পরিবারের পক্ষ থেকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

ধারণা করা হচ্ছে, এ পরিস্থিতিতে হতাশ হয়ে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মেয়ের বাড়ি থেকে প্রায় ৫০-৬০ গজ দূরে একটি গাছের সঙ্গে ওড়না ও রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে দুজন আত্মহত্যা করেন।

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে মেয়ের পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানান।

এ বিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুই পাহাড়ি যুবক-যুবতীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি পাঠানোর প্রক্রিয়া চলছে।