বরকলে আমদানি নিষিদ্ধ কোটি টাকার পপি বীজ আটক করলো ৪৫ বিজিবি
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকলে (৪৫ বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পপি বীজ (পোস্তদানা) আটক করেছে।
গত ০৪ মার্চ ২০২৬ তারিখ ১১:৩০ ঘটিকায় অধিনায়ক, বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেইটের সামনে থেকে ছোটহরিণা হতে আসা রাঙামাটিগামী কর্ণফুলী নদী দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ০২টি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ৩০০০ কেজি পপি বীজ (পোস্তদানা – ৬০ কেজি ওজনের ৫০ বস্তা) আটক করা হয়। আটককৃত পোস্তদানার সর্বমোট বাজার মূল্য = ১,০৫,০০,০০০/- (এক কোটি পাঁচ লক্ষ) টাকা।
উল্লেখ্য, আটককৃত পপি বীজ (পোস্তদানা) চট্টগ্রাম কাস্টমস অফিসের মাধ্যমে জমা ও ধ্বংসকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে তিল (গৈইস্যা) ব্যবসার আড়ালে পপি বীজ (পেস্তা) পাচার করে আসছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সাপ্তাহিক বাজারের দিন শত শত বস্তা সাদা ও কালো তিল আসে। এই তিলের বস্তায় বিশেষ কৌশলে প্যাকেট করে বাজারে নিয়ে আসে। পরে গুদামে নিয়ে বস্তা পরিবর্তন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাঙামাটি নিয়ে যাওয়া হয়। দেখতে অনেকটা তিলের সঙ্গে সাদৃশ্য থাকায় সহজে চেনা যায় না। আলাদা করার জন্য পপি বীজে বিশেষ ধরনের কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয় গন্ধ পরিবর্তনের জন্য।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর অধিনায়ক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।











