ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৮:০৫ অপরাহ্ন

শিরোনাম

বরকলের ভুষনছড়ায় ধানের শীষের সমাবেশ ও গণমিছিল

  • আপডেট: Sunday, February 8, 2026 - 6:46 pm

বরকল প্রতিনিধি।
রাঙামাটির ২৯৯ নং আসনের ধানের শীষ প্রতীকের সমর্থনে বরকল উপজেলার ভুষনছড়া বাজারে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুষনছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে ভুষনছড়া বাজারে আয়োজিত সমাবেশে যোগ দেন। সমাবেশের পূর্বে মোটরসাইকেলযোগে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ভুষনছড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোট হরিনা ও এরাবুনিয়া ঘুরে ভুষনছড়া বাজারে এসে শেষ হয়।
গণমিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে ভুষনছড়ায় নির্বাচনী আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে।
ভুষনছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লার সঞ্চালনায় সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম, সুলতান আহমদ মন্ডল, যুগ্ম সম্পাদক আবদুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, খলিলুর রহমান, ওলামাদলের উপজেলা আহ্বায়ক হাফেজ শিহাব উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি মো. জাফর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্যে রাঙামাটি ২৯৯ আসনের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষ থেকে আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আমরা কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পাহাড়ি-বাঙালি সকলে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে গণভোটে অবশ্যই “হ্যাঁ”-এর পক্ষে অবস্থান নিতে হবে।’ তিনি ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘মা-বোনেরা কোনো ভয়ভীতি বা গুজবে কান দেবেন না। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেবেন।’ যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে।