ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 6:41 am

ডেস্ক রিপোর্ট।। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ৮ টার দিকে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। এর আগে বিকেলে বাবার বাড়ি হাকিমপুর শহরে অবস্থানকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

শিবলী সাদিক আওয়ামী লীগ মনোনীত দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সংসদ সদস্য ছিলেন। জুলাই অভ্যূত্থানের পর থেকে শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই তার দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালে ৮ জুন খাদিজা মল্লিক সীমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিবলী সাদিক।

জানা যায়, ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার পারিবারিকভাবে বিয়ে হয়। তবে পারিবারিক বনিবনা না হওয়ার কারণে ২০১৬ সালে রাজধানীর ধানমণ্ডিতে উভয় পরিবারের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৯ সালে শিবলী সাদিক পারিবারিকভাবে খাদিজার সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

খাদিজার পরিবার সূত্রে জানা যায়, বিগত কিছুদিন যাবত তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে সোমবার তিনি মাত্রাতিরিক্ত ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়েন।

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী বলেন, ‘রাত সোয়া আটটার দিকে খাদিজা মল্লিক সীমুকে এখানে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা চলছে। তিনি স্ট্যাবল পর্যায়ে আছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাদিজা মল্লিক সীমু তার ‘খাদিজা সীমু’ পেজে লিখেছেন, আমি যথেষ্ট strong ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায়, জুলুম আমি আর নিতে পারছি না।

এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।

ফেসবুকে কয়েকজনের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, আমি যদি হেরে যাই, আমার হয়ে তোমরা তো সব জানো, সব প্রমাণ তোমাদের কাছেও আছে। তোমরা শিবলী সাদিক ছেড়োনা, আমার সঙ্গে হওয়া অন্যায় আমি আর মানতে পারছি না। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি সেই ধরনের মেয়ে নই যে তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইবো, কিন্তু আমার ৭ বছরের effort কে ঐ জানোয়ার শিবলী বলে ‘আমি মন থেকে করিনি বা যা করেছি সেটা আমার দায়িত্ব।’

মেয়ের জন্য দোয়া করে তিনি লিখেছেন, স্নেহা, তোমার জন্য আমার দোয়া, মা। তুমি ভালো থেকো। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আম্মু-আব্বু, তোমরা আমাকে মাফ করে দিও, আমি আপনাদের অনেক ভালোবাসি। আমার এই মৃত্যুর জন্য শিবলী সাদিক, তার রক্ষিতা ও শামীম দায়ী। আমার এই সিদ্ধান্ত একদম ভুল, আমি জানি, কিন্তু তাদের অনেক টাকা আছে, এসব ধামাচাপা পড়ে যাবে।