ঢাকা | এপ্রিল ১, ২০২৬ - ৬:৩০ অপরাহ্ন

শিরোনাম

ফরিদপুরে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 5:03 pm

ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরের মধুখালীতে দোকানে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

যমজ শিশুর নাম তাহমিদ (৪) ও তাইয়ব (৪)। তারা ওই এলাকার মো. আকাশ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশেই রেললাইন। আর রেললাইনের পাশের একটি দোকানে ওই দুই ভাই চকলেট কেনার জন্য যায়। এ সময় রাজবাড়ী থেকে গোপালগঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

 

শিশুদের বাবা আকাশ শেখ বলেন, ‘প্রতিদিনের মতো আমি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যাই। হঠাৎ করেই খবর পাই, আমার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে আমি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে কাটা পড়েছে।’

 

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি ট্রেন দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।