প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার-
সম্প্রতি কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকা ‘দৈনিক সকালের কক্সবাজার’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ বিচ দখল ও চাঁদাবাজি বিরোধী অভিযানে টুরিস্ট পুলিশের ভূমিকা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার রিজিয়নের প্রধান এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।
এক লিখিত বক্তব্যে তিনি বলেন, সৈকতে অবৈধ দখল, চাঁদাবাজি এবং কথিত কিছু ব্যক্তির অবৈধভাবে দোকান স্থাপনের বিরুদ্ধে টুরিস্ট পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে ক্ষতিগ্রস্ত একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অনৈতিক আর্থিক সংশ্লিষ্টতার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও প্রমাণহীন বলে দাবি করেন তিনি। এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা উপস্থাপন করা হোক। অন্যথায় এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকা উচিত।
তিনি আরও জানান, সৈকত এলাকায় স্পা, কটেজ ও অবৈধ স্থাপনা সংক্রান্ত একাধিক অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন মনে করে, উক্ত প্রতিবেদনটি চলমান আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং এটি ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের একটি প্রয়াস।
এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় টুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। কোনো ধরনের অপপ্রচার বা চাপ আমাদের দায়িত্ব পালনে বিরত রাখতে পারবে না।











