ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদে লামা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

  • আপডেট: Tuesday, February 24, 2026 - 11:36 pm

মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান)।

“লামায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, ইউএনওর বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লামা উপজেলা শাখা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লামা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে লামা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদটি “সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক”।

তারা বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষক নেতারা জানান, উপজেলা শিক্ষা কমিটির ২৫-০১-২০২৬ তারিখের সভা, উপজেলা পরিষদের সভা এবং প্রধান শিক্ষকদের মাসিক সভায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে সিসি ক্যামেরা ক্রয়ের বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয় এবং রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সময় স্বল্পতার কারণে জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে স্ব-স্ব প্রধান শিক্ষকগণ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার সিসি ক্যামেরা স্থাপনের জন্য নির্দিষ্ট বরাদ্দ প্রদান করেছে। সে ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ নেই বলেও দাবি করা হয়।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বিধি মোতাবেক সিসি ক্যামেরা স্থাপনের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লামা উপজেলা শাখার সভাপতি নূরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।