ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৬ - ৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য জাতিগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি সরকারিভাবে সংরক্ষণের দাবি বান্দরবান জেলা জামায়াতের

  • আপডেট: Saturday, February 21, 2026 - 7:38 pm

নিজস্ব প্রতিবেদক।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আমীর এস. এম. আবদুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌরসভা আমীর মাওলানা মোঃ হারুনুর রশিদ।
সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আবদুচ ছালাম আজাদ বলেন-
“মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতি যে ত্যাগ স্বীকার করেছে তা বিশ্ব ইতিহাসে বিরল। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস জানাতে হবে এবং বাংলা ভাষার সঠিক চর্চা বাড়াতে হবে।”

জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে মুদ্রণসহ পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর ভাষা এবং কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিশেষ অতিথিগণ বলেন- বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয় ও সংস্কৃতির বাহক। তাই শিক্ষা, সাহিত্য, গণমাধ্যমসহ সব ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।