পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে ‘শুভ বার্তা’ আসবে: মন্ত্রী দীপেন দেওয়ান
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীতে “শুভ বার্তা” পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (আজ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব— বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অনেক বিষয় এখনও বাস্তবায়ন হয়নি— এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে।
জবাবে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন,
“শান্তি চুক্তি আলোচনার বিষয়। আমরা সবে ক্ষমতায় এসেছি, আপনারা দেখতে পাবেন। আমি মনে করি অবশ্যই আপনারা ভালো উত্তর পাবেন। একটু ধৈর্য ধরুন, সবে তো এক-দেড় মাস হলো। আর আপনারা শুভ বার্তা পাবেন, আমি এটুকু বলতে পারি।”
এসময় পার্বত্য এলাকায় ঘনঘন হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন,
“এটা আমার মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার বিষয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব।










