পাবনায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
পাবনা প্রতিনিধি।। পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর নেতা রমজান আলীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে রবিবার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল দুপুর সাড়ে ১১টায় পাবনা শহীদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে মিছিলটি অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল।
বক্তারা অভিযোগ করেন, ‘বিএনপির সন্ত্রাসীরা জনগণের সাড়া না পেয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। যদি দ্রুত গ্রেফতার না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
উল্লেখ, শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা-৫ সংসদীয় আসনের হেমায়েতপুরের চর শিবরামে রমজান আলীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।











