ঢাকা | এপ্রিল ৮, ২০২৬ - ৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন, তরুণদের উদ্ভাবনী ভাবনায় উচ্ছ্বাস

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 3:09 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়েছে আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬)।

বেলা ১০টা ২৫ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌসী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া এবং তথ্য আপা অন্তরা চাকমা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বিজ্ঞান শিক্ষার প্রসার, নতুন উদ্ভাবনের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

দুই দিনব্যাপী এ আয়োজনে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন সংশ্লিষ্টরা।