ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ৯:১৩ অপরাহ্ন

শিরোনাম

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে অনিশ্চয়তা উছাইংওয়াং মার্মার পাশে পিসিসিপি

  • আপডেট: Thursday, February 19, 2026 - 7:26 pm

বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলার মেধাবী শিক্ষার্থী উছাইংওয়াং মার্মা একসঙ্গে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পেরে চরম অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া সৃষ্টি হয়।
এ অবস্থায় তার পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং আলীকদম উপজেলা সভাপতি আরফাতুল ইসলাম উছাইংওয়াং মার্মার হাতে ভর্তি ফি বাবদ এককালীন আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের নেতারা।
পিসিসিপির নেতারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা নানামুখী প্রতিবন্ধকতার মধ্যেও মেধার স্বাক্ষর রাখছে। অর্থাভাবে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই তারা এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।
উছাইংওয়াং মার্মার পরিবার ও স্থানীয়রা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, এই সহায়তার মাধ্যমে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শিক্ষাবান্ধব এ উদ্যোগ পার্বত্য অঞ্চলে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।