পবিত্র রমজান উপলক্ষে ঈদগাঁওতে বাজার মনিটরিং জোরদার
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কক্সবাজারের ঈদগাঁও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি ও কাঁচাবাজারের দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈদগাঁও থানা পুলিশ সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির জানান, পবিত্র রমজান উপলক্ষে জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











