নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে ভোটারদের সতর্ক থাকার আহ্বান দীপেন দেওয়ানের
রাঙামাটি প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, ভোটের পরিবেশ নষ্ট করতে নানা কৌশল নেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন এবং ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের জনসংযোগ ও অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রমে অংশ নিতে সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোট প্রদান শেষে কেন্দ্রের সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখার অনুরোধ করেন তিনি।
দীপেন দেওয়ান বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতন উপস্থিতি থাকলে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে কাউখালীসহ রাঙামাটির প্রতিটি উপজেলায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নই হবে তার প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিমউদ্দীনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।











