ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৭:০২ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচন-পরবর্তী সহিংসতায় না জড়ানোর আহ্বান বিজিবির

  • আপডেট: Sunday, February 15, 2026 - 5:06 pm

বরকল প্রতিনিধি।

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকা বড় হরিনা ইউনিয়নের গুইছড়িতে জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ বড় হরিনা ইউনিয়নের দোকান মোড় এলাকায় গুইছড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে গুজব, বিভ্রান্তি ও সহিংসতায় জড়িয়ে না পড়ার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য সেবনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় এলাকায় কোনো অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে পারস্পরিক সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ নিয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের আহ্বান জানানো হয়। পাচারকারীদের সম্পর্কে তথ্য জানাতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা সমাধানে বিজিবির কার্যক্রম তুলে ধরেন।

সভা শেষে স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।